রাশিয়ার তেল কিনতে ডোনাল্ড ট্রাম্পের অনুমতি চেয়েছে বিএনপি

bnp, amir khosro mahmud
বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। রাশিয়া থেকে তেল আমদানির পথ সুগম করতে যুক্তরাষ্ট্রের কাছে ‘অস্থায়ী ওয়েভার’ বা বিশেষ অনুমতির প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অনিশ্চিত দামের কারণে বাংলাদেশ বিকল্প উৎসের সন্ধান করছে। এক্ষেত্রে রাশিয়ার তেল কেনা সম্ভব হলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির ওপর চাপ কমাতে সহায়ক হবে।

বিএনপি সরকারের পক্ষ থেকে রাশিয়ার তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতা চাওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের এই অনুরোধের বিষয়টি তিনি গুরুত্বের সাথে ওয়াশিংটনে পাঠাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায় থেকে।

সম্প্রতি ভারত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ায় বাংলাদেশও একই ধরনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগের দাবি জানিয়েছে। জ্বালানি আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ নিয়েও বিস্তারিত কথা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা বৃদ্ধিতে (ক্যাপাসিটি বিল্ডিং) মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে। তবে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) সন্তোষ প্রকাশ করেন। তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে 'পুরানো বন্ধু' হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মার্কিন ট্রেজারি বিভাগ দীর্ঘকাল ধরে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সাথে কাজ করছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

Post a Comment

0 Comments